
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় পটুয়াখালী জেলা ছাত্রদলের উদ্যোগে এসএসসি/দাখিল ও সমমানের পরীক্ষার্থী এবং তাদের সঙ্গে আসা অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে পটুয়াখালী লতিফ মিউনিসিপ্যাল সেমিনারি পরীক্ষাকেন্দ্রের সামনে এ কার্যক্রম পরিচালিত হয়। জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জুলহাস হাওলাদারের নেতৃত্বে এবং ছাত্রদল নেতা রাতুল হাসানের সার্বিক সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়িত হয়।
এ সময় পরীক্ষাকেন্দ্রের বাইরে অবস্থানরত অভিভাবকদের অনেকে ছাত্রদলের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, প্রচণ্ড গরমের মধ্যে এমন সহযোগিতা প্রশংসনীয়।
ছাত্রদল কর্মী রাতুল হাসান বলেন,‘শুধু রাজনীতি নয়, সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। পরীক্ষার্থীদের জন্য এমন সময়টায় ছোট্ট সহযোগিতা বড় স্বস্তি এনে দিতে পারে।’
জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জুলহাস হাওলাদার বলেন,‘ছাত্রদল সবসময় শিক্ষার্থীবান্ধব। কেন্দ্রীয় নির্দেশনায় আমরা সারাদেশের মতো পটুয়াখালীতেও পরীক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করছি। আগামী দিনগুলোতেও আমরা মানবিক কার্যক্রম চালিয়ে যাব।’
আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা শিক্ষার্থী ও অবিভাবকদের।


