
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে দেশব্যাপী চলমান মানবিক ও সচেতনতামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় বাউফল উপজেলা ছাত্রদল নিয়েছে এক ব্যতিক্রমধর্মী ও প্রশংসনীয় উদ্যোগ। চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে অভিভাবকদের ভোগান্তির কথা বিবেচনা করে পরীক্ষাকেন্দ্রগুলোর সামনে ছায়াযুক্ত বিশ্রামস্থান, বিশুদ্ধ পানীয় জল এবং খাবার স্যালাইনের ব্যবস্থা করেছে তারা।
রোদের মধ্যে দীর্ঘ সময় সন্তানদের জন্য অপেক্ষা করা অভিভাবকদের জন্য এ উদ্যোগ এনে দিয়েছে স্বস্তি। ছাত্রদলের এ মানবিক সেবামূলক কর্মসূচি স্থানীয় অভিভাবকদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে এবং তাদের মুখে প্রশান্তির ছাপ ফুটে উঠেছে।
এই উদ্যোগের মূল পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন বাউফল উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক শরীয়ত উল্লাহ সৈকত মোল্লা। তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা পরীক্ষাকেন্দ্রের সামনে টানিয়ে দিয়েছেন ছাউনি, সরবরাহ করেছেন বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন।
শরীয়ত উল্লাহ সৈকত মোল্লা বলেন,”ছাত্রদল কেবল রাজনীতির প্ল্যাটফর্ম নয়—এটি মানবতার একটি শক্তিশালী বাহন। আমরা বিশ্বাস করি, শুধু পরীক্ষার্থীরাই নয়, তাদের সঙ্গে আসা অভিভাবকরাও আমাদের সেবার দাবিদার। সেই বিশ্বাস থেকেই আমরা এই মানবিক পদক্ষেপ নিয়েছি। ভবিষ্যতেও ছাত্রদল সাধারণ মানুষের পাশে থাকবে ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “আমরা রাজনীতি করি জনগণের জন্য, মানুষের কল্যাণে। ছাত্রদলের প্রত্যেক নেতাকর্মীর প্রতি আমার আহ্বান—নিজ নিজ জায়গা থেকে সমাজের জন্য কাজ করে যেতে হবে। এভাবেই ছাত্রদল একটি দায়িত্বশীল, মানবিক সংগঠনে রূপান্তরিত হবে।”
স্থানীয় একাধিক অভিভাবক জানিয়েছেন, গরমে পরীক্ষাকেন্দ্রের বাইরে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছিল। এমন সময় ছাত্রদলের তরুণরা এসে তাদের ছাতা ধরেছে, পানি দিয়েছে, স্যালাইন দিয়েছে—এটি সত্যিই ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ।
বাউফল উপজেলা ছাত্রদলের এই কর্মসূচিকে অনেকেই দেখছেন রাজনৈতিক সংগঠনের সামাজিক দায়িত্ব পালনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে। তারা আশা করছেন, ছাত্রদলের এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং তরুণ সমাজকে আরও দায়িত্বশীল করে তুলবে।


